সিরিজের শেষ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তামিম বাহিনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
শ্রীলঙ্কাকে হতাশায় ডুবিয়ে দেওয়া বাংলাদেশের জন্য সময়টা উপভোগের। এক ম্যাচ আগেই সিরিজ জেতা টাইগাররা এখন হোয়াইটওয়াশের মিশন সম্পন্ন করতে মুখিয়ে। সিরিজটা ওডিআই সুপার লিগের অন্তর্ভুক্ত বলে পয়েন্ট হারাতে চায় না বাংলাদেশ।
আজ দুই দলের একাদশেই একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ শিবিরে মোহাম্মদ সাইফউদ্দিনের খেলার সম্ভাবনা নেই। হেলমেটে বল লাগা এ তরুণকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। দ্বিতীয় ম্যাচে তার কনকাশন-সাব হিসেবে খেলা তাসকিন আহমেদই একাদশে থাকবেন।
গতকাল দলসূত্রে জানা গেছে, তৃতীয় ওয়ানডের জন্য দলে আসা ওপেনার নাঈম শেখকে একাদশে দেখা যেতে পারে। মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন সৌম্য সরকারও।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস/নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসাইন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/এমআর
