‘আতর গোলাপ জল’ নিয়ে ফিরলেন সুমন

আপডেট : ২৮ মে ২০২১, ১৪:৩৯

২০০২ সালে প্রকাশ পায় ‌‘একটা চাদর হবে’ শিরোনামের অ্যালবাম। প্রকাশের পরই হৈচৈ ফেলে দিলো শ্রোতা মহলে। নিজের আলাদা গায়কী আর ব্যতিক্রমী কণ্ঠ নিয়ে কোটি শ্রোতার মন জয় করে নেন জেনস সুমন। ‘একটা চাদর হবে’ অ্যালবামের ১২টি গানেরই কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন ইথুন বাবু।

দীর্ঘদিন পর ফের জুটি বাঁধলেন ইথুন বাবু এবং সুমন। এবার তাদের নতুন গান ‘আতর গোলাপ জল’।

‘আমার জন্য সাদা কাপড়ের একটা চাদর নেবে/ শেষ বিদায়ে ওই চাদরে আতর গোলাপ জল ছিটিয়ে দেবে’ এমন কথা মালায় এবারের গানটি সাজিয়েছেন ইথুন বাবু। তাতে দিয়েছেন সুর ও সঙ্গীত। সম্প্রতি ইবি মিউজিক টিভির ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘আতর গোলাপ জল’। প্রকাশের পরপরই শ্রোতা-দর্শকদের মুগ্ধতায় ভাসতে থাকে এই গান।

ইথুন বাবু জানালেন, ১২ বছর পর জেনস্ সুমনের জন্য গান করলাম। ‘ইসরাইলের তাণ্ডব আজ বিশ্বকেও গলিত শিলাস্তরের কম্পন বিচ্যুতির দিকে ধাবিত করছে। যা বিশ্ববাসী মেনে নিতে পারছে না। আমরা নিরুপায়, উচ্চপদস্থ দেশ তাদের পক্ষে। শিশু মৃত্যুসহ মানুষের মৃত্যু, কেএফসি চিকেন তন্দুরির মতো! কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল মাথার ভিতরে। সেসব কথাই গানটিতে তুলে ধরা হয়েছে। সুমনের জন্য শুভ কামনা।’

ইথুন বাবুর কথা সুরে গান আবার গান গাইতে পেরে উচ্ছ্বাসিত জেনস্ সুমন জানালেন, বাবু ভাই মানে (হচ্ছে) এক আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। আমি অন্তত এটা মনে করি। আমি আমার সাধ্য মত গাইবার চেষ্টা করেছি বাকিটা শ্রোতারা শুনেই রায় দিবেন।

ইত্তেফাক/বিএএফ