এই সময়ের ছড়া

ভয় পাইনে

আপডেট : ২৮ মে ২০২১, ১৯:৪৬

মাকিদ হায়দার

 

লক্ষ কোটি টাকা যদি থাকে আমার সিন্দুকে

যে যা-ই বলুক, কাউকে আর ভয় পাইনে

বলুক যতোই পাড়ার সকল প্রতিবেশী

যায় আসে না তেমন কিছু

 

আমি যদি রোজ সকালে পান্তাভাতে

খাই মিশিয়ে ছটাক তিনেক বাঘাবাড়ির ঘি

তাতে আমার প্রতিবেশীর কী?

রাত-বিরাতে আনবো আমি

সস্তা দরে বস্তা কিনে বস্তা ভরে

আনি যদি টাকা-পয়সা সোনাদানা

তাতে তুমি বলার কে

বললে কথা অনেক বেশি

জান না তো তুমি আমায়, চেন না তো

যা হোক ভয় পাইনে নিন্দুকে।

সাত শ ভরি আসল সোনা

থাকলে আমার ঘরে

প্রতিবেশীর গা শিরশির করলে করুক

 

সঙ্গে আমার মামা আছেন

ছয় বডিগার্ডে থাকি আমি

ভয় পাইনে মরচে ধরা বন্দুকে।