কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রসহ তিনজন মারা গেছে। শুক্রবার(২৮ মে) বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উক্ত গ্রামের ইটাভাটার শ্রমিক হারুন-অর-রশিদ(৪৫), তার ছেলে বাবলু(১৪) এবং তার ভাতিজা আবু সাঈদ(১০)।
জানা যায়, হারুরুনের বাড়ির পাশে বিদ্যুতের একটি ছেঁড়া তার মাটিতে পড়ে ছিল। সেখান দিয়ে হারুনের ভাতিজা আবু সাঈদ সাইকেল নিয়ে যাওয়ার সময় প্রথমে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে বাবলু মিয়া এগিয়ে এলে সে–ও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দূর থেকে এ ঘটনা দেখে ছেলে ও ভাতিজাকে বাঁচাতে দৌড়ে আসেন হারুন অর রশিদ। দুজনকে রক্ষার চেষ্টাকালে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনাটি নিশ্চিত করে জানান, ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশ তিনটির ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ইত্তেফাক/এনএ
