দিল্লিতে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত

আপডেট : ২৮ মে ২০২১, ২০:১২

ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী দিল্লি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে অনেক রোগী হাসপাতালের বেড ও অক্সিজেনের অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। তবে আশার কথা হচ্ছে, সংক্রমণ এখন নিম্নমুখী। ফলে চলমান লকডাউন উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ শুক্রবার (২৮ মে) দিল্লি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর প্রকাশ করেছে বিবিসি।

সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার থেকে ‘আনলক-পর্ব’ শুরু হচ্ছে দিল্লিতে। নির্মাণ শ্রমিক এবং দৈনিক মজুরি শ্রমিকদের উপার্জন নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিনি বলেন, লকডাউনে রাজধানীর দুই কোটি মানুষ করোনা বিধিনিষেধ মেনে চলেছেন বিধায় ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ জন্য সবাইকে ধন্যবাদ।

আমাদের এমন পরিস্থিতি থাকা উচিত নয়, যেখানে লোকেরা ক্ষুধার্ত হয়ে মারা যাওয়ার জন্য ভাইরাস থেকে পালাতে পারে মন্তব্য করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, লড়াই এখনো শেষ হয়নি। নানা অসুবিধাসহ আমরা ভাইরাসটি নিয়ন্ত্রণ করেছি। কিন্তু এখনো বিজয় অর্জন করতে পারিনি। লকডাউনের কারণে সৃষ্ট উপকার আমরা এখনো হারাইনি। এই পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।

ভারতের বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য শ্রমিক রাজধানী শহর দিল্লিতে কাজের খোঁজে আসেন। বিভিন্ন কোম্পানির নির্মাণ খাতের শ্রমিকদের অধিকাংশই অভিবাসী। কিন্তু গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের কারণে তারা কাজবিহীন হয়ে পড়েছে। এখন লকডাউন উঠিয়ে নেওয়ার কারণে তারা আবার উপার্জন করতে পারবে।

ইত্তেফাক/টিএ