বিনোদন রিপোর্ট
ক্যারয়ারের শুরু থেকেই দর্শক-শ্রোতাদের নিয়মিত গান উপহার দিয়ে ঐশী। পাশাপাশি প্লেব্যাকও করছেন নিয়মিতই। সেই ধারাবাহিকতায় এবার ‘ঐশী এক্সপ্রেস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার গাওয়া ‘আকাশ কিনতে চাই’ ও ‘খুঁজে ফিরি তাই’ শিরোনামের দুটি গান। গান দুটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ও এসএম আব্দুল্লাহ শান্তু এবং সুর ও সংগীত করেছেন নাহিদ নোমান অরুপ। এছাড়া সম্প্রতি ‘এত ব্যথা কেন রে’ ও ‘কালা রে’ শিরোনামের আরো দুটি গান প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। এর মধ্যে একটি গান লিখেছেন এবং সুর ও সংগীত করেছেন অমিত কর। অন্যটি লিখেছেন ও সুর করেছেন এস আই শহীদ এবং সংগীতায়োজন করেছেন সালমান জাইম। পাশাপাশি নতুন বেশ কয়েকটি সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। নতুন গান প্রসঙ্গে ঐশী বলেন, ‘করোনার এই সময়েও যে নতুন কয়েকটি গান করতে পারছি, এটাই আসলে অনেক বড় বিষয়। নতুন গানগুলো প্রকাশিত হওয়ার পর দর্শক-শ্রোতারা তাদের ভালোলাগা শেয়ার করছেন। বিশ্বের এই অবস্থায় নিয়মিত গান প্রকাশ করতে পারছি এবং আগ্রহ নিয়ে শ্রোতারা শুনছেন এটা সত্যি অনেক ভালোলাগার। প্রতিটি গানেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করি। নিজের গায়কীর নতুনত্ব আনার চেষ্টা করি। এই গানগুলোতেও সেই চেষ্টা অব্যাহত ছিল।’
উল্লেখ্য, এর আগে মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় ‘মায়ারে’ গান গেয়ে ঐশী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
