জেমস বন্ড এবার অ্যামাজনে!

আপডেট : ২৮ মে ২০২১, ২০:২৩

 বিনোদন ডেস্ক

 

বিখ্যাত প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) গতবছর থেকেই স্টুডিওটির জন্য ক্রেতা খুঁজছিল। অবশেষে তারা অ্যামাজানের সঙ্গে চুক্তিতে একমত হতে পেরেছে। প্রতিষ্ঠানটির মালিকানা এখন অ্যামাজন প্রাইমের। তবে এ মালিকানা পেতে অ্যামাজনকে গুণতে হচ্ছে ৮শ’ ৪৫ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৭১ হাজার কোটিরও বেশি! স্টুডিওটি ক্রয়ের সুবাদে হলিউডের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টুডিও থেকে মুক্তি পাওয়া চলচ্চিত্রের তালিকায় ক্লাসিক বলে বিবেচিত ‘সাম লাইক ইট হট’ বা সিংগিং ইন দ্য রেইনের পাশাপাশি এসেছে জেমস বন্ড সিরিজের মতো ব্যবসাসফল ফ্রাঞ্চাইজ। এরমধ্যে আছে মুক্তির অপেক্ষায় থাকা ‘বন্ড ০০৭’ সিরিজে ড্যানিয়েল ক্রেগের সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’। করোনার কারণে এক এক করে বেশ কয়েকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। তবে এবার প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম-এর সঙ্গে স্ট্রিমিং সাইট অ্যামাজনের বিশাল অঙ্কের চুক্তি ভাবিয়ে তুলেছে দর্শকদের। অনেকেই মনে করছেন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে সর্বপ্রথম ওটিটি প্লাটফর্মেই মুক্তি পেতে যাচ্ছে। কারণ এমজিএমের সঙ্গে চুক্তি অনুযায়ী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিলে অনলাইনে প্রকাশের সুযোগ রয়েছে অ্যামাজনের হাতে।

তবে সিনেমাটির আরো এক প্রযোজনা প্রতিষ্ঠান ইওন প্রোডাকশন ওটিটিতে মুক্তিকে জল্পনা হিসেবে অভিহিত করেছে। ভ্যারাইটিতে এক সাক্ষাত্কারে প্রতিষ্ঠানটির দুই উচ্চপদস্থ কর্মকর্তা ব্রোকলি এবং উইলসন জানান, পুরো বিশ্বের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য জেমস বন্ড মুক্তি দিতে তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, অ্যামাজন এবং এমজিএমের মধ্যে চুক্তি হলেও এখনো সিনেমাটির ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে মার্কেটিংয়ের অনেক নিয়ন্ত্রণ রয়েছে ইওন প্রোডাকশনের কাছে। সবশেষ সংশোধিত তারিখ অনুযায়ী চলতি বছরের ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নো টাইম টু টাইম’।