সবজির গ্রাম রাধানগর

আপডেট : ২৮ মে ২০২১, ২১:০০

হাবিবুর রহমান তালুকদার, দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা                                                                

দিরাই পৌরসভার রাধানগর গ্রাম এখন ‘সবজির গ্রাম’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এক সময় এই গ্রামের মানুষ ধান চাষের ওপর নির্ভরশীল ছিল। ধান চাষে ক্রমাগত লোকসান হওয়ায় গ্রামের লোকেরা সবজি চাষে ঝুঁকে পড়েন। এখন এ গ্রামের ৮০ ভাগ লোকই সবজিচাষি। দেখা গেছে, কোনো মৌসুমেই রাধানগর গ্রামের কোনো জায়গা পতিত থাকে না। রাধানগর গ্রামের সবজির মান ভালো থাকায় এলাকায় এ গ্রামের সবজির চাহিদা বেড়ে  গেছে।

দিরাই বাজারের সবজির আড়তদার মুহিবুর রহমান বলেন, ‘প্রতি মৌসুমেই রাধানগর গ্রামের সবজিচাষিকে আগাম টাকা দিয়ে রাখতে হয়।’ এ গ্রামের সবজির চাহিদা থাকার বিষয়ে দিরাই বাজারের সবজি ব্যবসায়ী জগবন্ধু বলেন, ‘রাধানগর গ্রামের সবজি বাজারে উঠলে ক্রেতারা অন্য এলাকার সবজি কিনতে চান না।’ 

দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরোল আলম বলেন, ‘রাধানগর গ্রামের সবজি স্বাদে ও পুষ্টিতে অনন্য। এ গ্রামের সবজিচাষিদের সরকারি সহায়তা প্রদান করলে তারা আরো ভালো মানের সবজি উত্পাদন করতে পারবেন।’

স্থানীয় আলতাব উদ্দিন বলেন, ‘বাজারে গিয়ে প্রথমেই রাধানগর গ্রামের সবজি কেনার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে।’ রাধানগর গ্রামের সবজিচাষি হরমুজ মিয়া জানান, এক সময় তিনি ধান চাষ করে লোকসান গুনতেন। এখন তিনি সবজি চাষ করে প্রতি বছর লাভবান হচ্ছেন। সবজিচাষি জহির মিয়া বলেন, ‘এ বছর দুই একর জায়গায় সবজি চাষ করে ৩ লাখ টাকা আয় করেছি।’ ব্যবসায়ী মুহিবুর রহমান বলেন, ‘রাধানগর গ্রামের সবজির সঙ্গে পাল্লা দিয়ে অন্য এলাকার সবজি টিকতে পারছে না বাজারে।’

দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামান বলেন, রাধানগর গ্রামকে সবজি গ্রাম হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য দিরাই উপজেলা সমন্বয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করে সরকারের উচ্চ পর্যায়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।