সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৮ মে ২০২১, ২১:০৫

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

নান্দাইল (ময়মনসিংহ): মাইক্রোবাস চাপায় আব্দুল খালেক (৬০) ও শাহাবুদ্দিন (৪৫) নামে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর যাত্রী। শুক্রবার সকালে নান্দাইল চৌরাস্তা-আঠারোবাড়ি আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা মাইক্রোবাস চালক শরিফুলকে আটক করে থানায় সোপর্দ করে। আহত মজিবুর রহমানকে (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ।

আমতলী (বরগুনা) : কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মোস্তাফিজুর রহমান কামরুল (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে বরগুনার গৌরীচন্না নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় মামলা হয়েছে।

আগৈলঝাড়া (বরিশাল): বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পয়সারহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিউটন চৌধুরী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, নিউটন মোটরসাইকেল নিয়ে খাদে পরে গুরুতর আহত হলে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিত্সক ডা. তানজিলা আক্তারের পরামর্শে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।

চন্দনাইশ (চট্টগ্রাম): লেগুনার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আলমঙ্গীর ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার জেলে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল হামিদ নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের নাপিতখোলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পর ট্রাক ড্রাইভার মো. হাসান মিয়াকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।