বশেমুরবিপ্রবি সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শুক্রবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঐ বিশ্ববিদ্যালয়সহ সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং ঐ প্রধান শিক্ষকের ছোট ভাই মো. রাহাত খান বলেন, আমার বোনকে একজন দপ্তরি যেভাবে মারধর ও অপমান করেছে তা পৈশাচিক ঘটনা। একজন শিক্ষকের গায়ে হাত তোলা এবং তার অপমান আমরা শিক্ষার্থী হয়ে মেনে নিতে পারি না। আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বৃহস্পতিবার দুপুরে গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলুফা খানম দপ্তরি মো. রাকিব খানকে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলেন। এতে রাকিব অপারগতা প্রকাশ করে প্রধান শিক্ষক নীলুফাকে মারধর করে। এ সময় রাকিবের ভাই এসেও গালমন্দ করে ঐ শিক্ষককে। গফরগাঁওয়ের পাগলা থানার ওসি রাশেদুজ্জামান জানিয়েছেন, দপ্তরি রাকিবকে বারইহাটি থেকে শুক্রবার ভোরে আটক করা হয়েছে।
