ভাঙ্গুড়ায় ইউএনওর নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা!

আপডেট : ২৮ মে ২০২১, ২১:০৭

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেছেন। জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলার ইউএনওর পরিচয় দিয়ে তার সরকারি ফোন থেকে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ল্যাপটপ বরাদ্দের কথা বলে চাঁদা দাবি করা হয়। এজন্য এয়ারটেলের একটি বিকাশ নম্বর (০১৬৩৭-৬৮৮০৮৫) সরবরাহ করা হয়। এরকম প্রথম ফোনটি পান ভাঙ্গুড়া বিএম কলেজের অধ্যক্ষ বদরুল আলম। তিনি বলেন, ফোনটি পাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয়কে বিষয়টি জানাই এবং তার সঙ্গে কথা বলে নিশ্চিত হই এটা প্রতারক চক্রের কাজ। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রতারকরা ইউএনওর ফোন ক্লোন করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে ইউএনও রাতেই থানায় এ ব্যাপারে একটি জিডি করেছেন। পুলিশ ফোনটি ট্র্যাকিং করার চেষ্টা চালাচ্ছে। ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান উপজেলার সংশ্লিষ্ট সবাইকে এই প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দেন।