রাজৈরে ভ্যানচালক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ মে ২০২১, ২১:০৮

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরের উত্তর হোসেনপুর গ্রামে ভ্যানচালক আবদুস সালাম শেখ (৫৫) হত্যার বিচার দাবিতে শুক্রবার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসীসহ নিহতের স্বজনরা। উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন হোসেনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোফাজ্জেল হোসেন চুন্নু, যুবলীগ নেতা জাকির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন আল-আমিন, নিহতের স্ত্রী নুরী বেগম, ছেলে আসাদুজ্জামান প্রমুখ। গত ২৩ মে রাতে উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের ভ্যানচালক আবদুস সালাম চান্দের বাজারে যাত্রী নামান। এরপর ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে হোসেনপুর-কাচাবালি সড়কের বাইর ব্রিজের উত্তর-পশ্চিম পাশে আসলে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার ওসি শেখ সাদিক জানান, তদন্ত করে হত্যাকারীদের শাস্তির আওতায় আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।