ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলার চরফ্যাশনের চর নলুয়া গ্রামের শিকারি চক্রের কবল থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় হরিণটি উদ্ধার করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চরফ্যাশনের চরমানিকা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির উদ্দিন মিয়া জানান, গোপন খবরের ভিত্তিতে কোস্ট গার্ড উপজেলার নজরুল নগর ইউনিয়নের চরনলুয়াসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জবাই করা একটি হরিণ উদ্ধার করে। হরিণটির ওজন ৪২ কেজি বলে তিনি জানান। উদ্ধার জবাই করা হরিণটি চরমানিকা ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেস্ট অফিস শুক্রবার হরিণটি আদালতে পাঠিয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিট কর্মকর্তা আবুল কাশেম।
