লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় বৃহস্পতিবার রাতে ২ হাজার ৩০ পিস ইয়াবাসহ খানে আলম নামের এক ফল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়া রশিদারপাড়ার লাল মিয়ার ছেলে। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বটতলী মোটর স্টেশনে ফলের দোকান থেকে ঐ ইয়াবাসহ খানে আলমকে গ্রেফতার করে। খানে আলম দীর্ঘদিন ধরে ফলের ব্যবসার আড়ালে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
