শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় রিং বাঁধের দাবিতে শুক্রবার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামবাসী মানববন্ধন ও সমাবেশ করেছে। বন্যা ও প্রবল জোয়ারের পানি থেকে গ্রাম রক্ষায় তাদের এ মানববন্ধন বলে সমাবেশে বক্তারা উল্লেখ করেছেন। শরণখোলা ডিগ্রি কলেজ মোড়ে (রাজৈর গ্রাম) রায়েন্দা-রাজৈর গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে রাজৈর গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজৈর গ্রামের সহস্রাধিক পরিবার, রাজৈর আলিম মাদ্রাসা, কৃষি বিভাগের সিড স্টোর, কয়েকটি বরফ কল ও অনেক ব্যবসাপ্রতিষ্ঠানকে বাইরে রেখে অপরিকল্পিত নকশায় বেড়িবাঁধ নির্মাণ করেছে। ফলে বাঁধের বাইরে থাকা গ্রামের সহস্রাধিক পরিবার জলোচ্ছ্বাস ও প্রবল জোয়ারের পানিতে ভাসছে। ইয়াসের জলোচ্ছ্বাসে রাজৈর গ্রামের মানুষের অনেক ক্ষতি হয়েছে। তিনি অবিলম্বে রাজৈর গ্রামে রায়েন্দা খালের পাড়ে একটি রিংবাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়েন্দা রাজৈর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. জলিল আনোয়ারী, যুবলীগ নেতা মহিউদ্দিন মধু প্রমুখ।ৃ
