মনপুরা (ভোলা) সংবাদদাতা
ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ভোলার মনপুরায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে নৌবাহিনীর ত্রাণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ‘বানৌজা অপরাজয়’ নামে একটি যুদ্ধজাহাজ ত্রাণ নিয়ে শুক্রবার সকাল ৭টায় মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাটে আসে। নৌবাহিনীর বিশেষ একটি টিম রামনেওয়াজ লঞ্চঘাটে ঘূর্ণীঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে। ক্ষতিগ্রস্ত পরিবার চাল, ডাল, চিনি, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ প্যাকেটসহ একটি প্যাকেট পেয়েছে। ত্রাণ বিতরণের সময় নৌবাহিনীর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
