আগৈলঝাড়ায় নিখোঁজ ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

আপডেট : ২৮ মে ২০২১, ২১:১০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের নিখোঁজ ব্যবসায়ী সৈয়দ কাওসার আহম্মেদকে বৃহস্পতিবার রাতে গৌরনদীর কটকস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাওসার পতিহার গ্রামের সৈয়দ রকিব উদ্দিনের ছেলে ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী।

আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার সকালে নিজ বাসা থেকে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বিল্লগ্রাম বাজারে যাওয়ার কথা বলে কাওসার বাসা থেকে বের হন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে নির্জন এলাকায় পথচারীরা কাওসারকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় দেখে গৌরনদী মডেল থানা পুলিশে খবর দেন। থানার এসআই সহিদুল ইসলাম অজ্ঞান অবস্থায় কাওসারকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জ্ঞান ফিরলে তার নিখোঁজ ও অসুস্থতার কথা বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।