সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ মে ২০২১, ২১:১১

পৌরসভার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা সারিয়াকান্দি পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের ভিতিপ্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ এমপির ছেলে সাখাওয়াত হোসেন সজল প্রমুখ।

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এগুলো বিতরণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার প্রমুখ।

কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নজরুল একাডেমি কটিয়াদী শাখা বৃহস্পতিবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উদযাপন করেছে। কটিয়াদী নজরুল একাডেমি কার্যালয়ে অনুষ্ঠানে নজরুল একাডেমির কটিয়াদী শাখার সভাপতি শাহ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জজ (অ.) এনামুল হক শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের প্রফেসর এবং কটিয়াদী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুজ্জামান সেলিম, নজরুল একাডেমির উপদেষ্টা সারোয়ার হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ ১৭) এর উদ্বোধন হয়েছে শুক্রবার। উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। সভাপতিত্ব করেন উপজেলনা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম।

দাসিয়ারছড়ায় কৃষি সম্ভাবনা প্রদর্শনী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে শুক্রবার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় কৃষি বিভাগের সম্ভাবনা প্রদর্শনী ও সমলয় আবাদ করা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ।

বীরাঙ্গনাদের খাদ্য ও অর্থ সহায়তা

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে শুক্রবার বীরাঙ্গনাদের খাদ্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। শহিদ মিজান-আব্দুল বারী স্মৃতি পাঠাগার মিলনায়তনে ডোমার ও ডিমলার ২০ জন বীরাঙ্গনাকে সহায়তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। সহায়তা কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু মো. দেলোয়ার হোসেন। 

প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরে শুক্রবার ২০২০-২০২১ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ উপকরণের মধ্যে ছিল প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, দরিদ্র ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে চেয়ার ও খেলার সামগ্রী এবং কৃষকদের মধ্যে স্প্রে মেশিন। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ঐসব উপকরণ বিতরণ করেন।

 

০