শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন ------------ জি এম কাদের

আপডেট : ২৮ মে ২০২১, ২১:২৬

ইত্তেফাক রিপোর্ট

শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল এক বিবৃতিতে এই দাবি জানিয়ে তিনি বলেছেন, দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মুর্খ। এতে করে সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।

জি এম কাদের বলেন, মহামারি করোনার কারণে এক বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের।

দেশের বৃহত্ স্বার্থে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক করতে হবে। সরকারি তরফ থেকে বলা হচ্ছে, সবাইকে টিকা দেওয়ার পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে, স্বাভাবিকভাবে টিকাদান শেষ হতে হয়তো আরো কয়েক বছর সময় লেগে যেতে পারে। দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মুর্খ হতে দেওয়া যায় না।