রাবির ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী

আপডেট : ২৮ মে ২০২১, ২১:৪২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত আলী। বৃহস্পতিবার বিকালে রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের কথা বলা হয়। এর আগে লিয়াকত আলী সহকারী প্রক্টর হিসেবে লুত্ফর রহমানের প্রক্টরিয়াল বডিতে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা বলছেন, প্রক্টর নিয়োগ দৈনন্দিন রুটিন উপাচার্যের এক্তিয়ারে পড়ে না। এর আগে গত ৮ মে রুটিন উপাচার্য আগের উপাচার্যের নিয়োগকৃত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর যোগদানের রিসিভকপি প্রদান স্থগিত করেন। এ বিষয়ে মতামতের জন্য দৈনন্দিন রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের মোবাইলে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত অসংখ্য বার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এসএমএস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।