সিরিজ জিতলেও করা গেল না হোয়াটওয়াশ

আপডেট : ২৮ মে ২০২১, ২১:৫৩

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৬

বাংলাদেশ: ৪২.৩ ওভারে ১৮৯

ফল: শ্রীলঙ্কা ৯৭ রানে জয়ী

সিরিজ: বাংলাদেশ ২-১ এ জয়ী

জান-ই-আলম

ধারহীন বোলিংয়ের সঙ্গে ক্যাচ ফেলার ভুল। ব্যাটিংয়ে বড় রান তাড়া করার চাপে ভেঙে পড়া। আগের দুই ম্যাচের তুলনায় গতকাল যেন অচেনা বাংলাদেশ দলকে দেখল দর্শক। এ কারণে হোয়াইটওয়াশ মিশন অপূর্ণ-ই থেকে গেল। অন্যদিকে আইসিসি ওডিআই সুপার লিগে দেশের মাটিতে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টও খোয়াল বাংলাদেশ। গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯৭ রানে হেরেছে তামিম বাহিনী।

মিরপুর স্টেডিয়ামে গতকাল শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রান তুলেছিল। জবাবে ৪২.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ হারলেও স্বস্তি সিরিজটা ২-১ এ জিতেছে তামিমের দল। যদিও ৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে চামিরার তোপে পড়ে ২৮ রানে তিন উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া নাঈম শেখ (১) স্লিপে ক্যাচ দেন। সিরিজ জুড়েই ব্যর্থ তিনে খেলা সাকিব আল হাসান (৪)। তামিম ১৭ রান করেন। পরে মুশফিক, মোসাদ্দেক, মাহমুদউল্লাহরা ইনিংস মেরামতের চেষ্টা করেছেন। প্রাথমিক ধাক্কাও কাটিয়ে উঠেছিলেন। কিন্তু উইকেটে স্থায়ী হতে পারেননি বলে রান-বলের দূরত্ব ঘুচানো সম্ভব হয়নি। মুশফিক ২৮, মোসাদ্দেক ৫১, আফিফ ১৬ রান করেন। ২৫তম হাফ সেঞ্চুরি করা মাহমুদউল্লাহ শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তিনি ৫৩ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে চামিরা ১৬ রানে ৫টি, হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস ২টি করে উইকেট পান।

এর আগে তিন অভিষিক্তকে নিয়ে টস জয়ী শ্রীলঙ্কার একাদশে ছিল          চার পরিবর্তন। তারুণ্যে ঠাসা দলটার সঙ্গেও ক্যাচ ফেলার ভুলে পুড়েছে বাংলাদেশ। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করা কুশল পেরেরাকে তিনবার জীবন দিয়েছেন ফিল্ডাররা। শরিফুলের শিকার হওয়ার আগে ১২২ বলে ১২০ রানের (১১ চার, ১ ছয়) ইনিংস খেলেছেন তিনি।

গুণাথিলাকাকে নিয়ে ওপেনিংয়ে ৮২ রানের জুটি গড়েছিলেন পেরেরা। ইনিংসের ১২তম ওভারে গুণাথিলাকাকে (৩৯) ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তাসকিন। ওয়ানডে ক্যারিয়ারে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করার দিনে ৪৬ রানে ৪ উইকেট নিয়ে তাসকিনই বাংলাদেশের সেরা বোলার। মিডল অর্ডারে কুশল মেন্ডিসের ২২, ধনাঞ্জয়ার অপরাজিত ৫৫, হাসারাঙ্গার ১৮ রানে বড় স্কোর গড়ে শ্রীলঙ্কা।