প্রতিপক্ষকে ফাঁসাতে ট্যাঁটার আঘাতে মাকে হত্যা করে মোহাম্মদ আলী

আপডেট : ২৮ মে ২০২১, ২১:৫৬

বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে  বৃদ্ধা গোলাপ চান বিবিকে (৬৫) ট্যাটাবিদ্ধ করে হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। প্রতিপক্ষকে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য বৃদ্ধার ছেলে মোহাম্মদ আলী মাকে হত্যা করেছে বলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি  দিয়েছে। গত বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে সে এই স্বীকারোক্তি দেয়। আদালতে মোহাম্মদ আলী জানায়, চাচাতো ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন যাবত্ বাড়ির সীমানা নিয়ে তার বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিষ্পত্তি করার জন্য বুধবার সকালে বাড়িতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধাওয়া পালটা ধাওয়া হয়। এ সময় চাচাতো ভাই কাদিরকে ফাঁসাতে মোহাম্মদ আলী ট্যাটা দিয়ে মাকে আঘাত করে। কিছুক্ষণ পরই মা গোলাপ চান বিবি মারা যান। এর পরই কাদির মিয়া ও তার পক্ষের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা নিশ্চিত হওয়ার জন্য পুলিশ তদন্ত করছে।