মামুনুলের পক্ষে সাফাই

কুষ্টিয়ার সেই পুলিশ কর্মকর্তা এবার চাকরিচ্যুত

আপডেট : ২৮ মে ২০২১, ২২:০৮

হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বক্তব্য দানকারী কুষ্টিয়া পুলিশের সেই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় গত ২৩ মে ঐ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে নানা বক্তব্য প্রদান করায় গত ৪ এপ্রিল এএসআই গোলাম রাব্বানীকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 খোঁজ নিয়ে জানা যায়, ২৩ মে চাকরিচ্যুতির পর  ২৬ মে বিকালে গোলাম রাব্বানী শহরের পাঁচ রাস্তার মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে হ্যান্ডমাইক হাতে নিয়ে চরম ক্ষোভের বশবর্তী হয়ে নানা বক্তব্য দেন। ৫ মিনিট ৪৯ সেকেন্ডের এ ভিডিওতে এএসআই গোলাম রাব্বানী বিষোদগার করে নানা বক্তব্য দেন। কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম এএসআই গোলাম রাব্বানীর চাকরিকচ্যুতির বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. মুহিদ উদ্দিনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির  তদন্তে দোষ প্রমাণিত হওয়ায় গত ২৩ মে এএসআই গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত করা হয়। এএসআই গোলাম রাব্বানীর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। স্ত্রী-সন্তান নিয়ে তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় বাসা ভাড়া থাকেন। তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।