মোদির সঙ্গে বৈঠকে বসলেন না মমতা, পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে বদলি

আপডেট : ২৯ মে ২০২১, ১০:৫৫

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বেড়েছিল। এর মধ্যেই হঠাৎ ভারতের কেন্দ্রীয় সরকার বদলির নির্দেশ দিল তাকে। শুক্রবার (২৮ মে)  চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  এসব তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, এদিনই বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক না করে কলাইকুন্ডা বিমানঘাঁটি থেকে বেরিয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ঐ বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ঘূর্ণিঝড় ইয়াসে পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতির হিসেব তুলে দেন মমতা। রাজ্যের জন্য তিনি ২০ হাজার কোটি রুপির প্যাকেজ চেয়েছেন। এরপরেই আলাপনকে বদলির নির্দেশ দেওয়া হলো।

আগামী ৩১ মে আলাপন বন্দ্যোপাধ্যায়কে  দিল্লিতে কর্মিবর্গ ও প্রশিক্ষণ বিভাগে হাজিরা দিতে হবে। এর আগে গত ২৪ মে সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা জানান, মুখ্যসচিব পদে তিন মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। গতবছর অক্টোবর মাসে মুখ্যসচিব পদে দায়িত্ব নিয়েছিলেন আলাপন। শেষ ৮ মাস ধরে তিনি এই দায়িত্ব সামলাচ্ছেন। মে মাসেই আলাপনের ৬০ বছর বয়স হয়েছে। এরপরও তাকে মুখ্যসচিব পদে রেখে দেওয়ার প্রস্তাব পাঠায় রাজ্য।

ইত্তেফাক/এসএ