গাজার সংঘর্ষ নিয়ে জাতিসংঘের তদন্ত প্রস্তাব লজ্জাজনক: নেতানিয়াহু

আপডেট : ২৯ মে ২০২১, ১৩:৩৯

হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষের সময় যে সহিংসতা হয়েছে সেটা তদন্ত করে দেখতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। তবে এ প্রস্তাবকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়, আজকের লজ্জাজনক সিদ্ধান্তটি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ইসরায়েল বিরোধী নির্মম চিন্তার আর একটি উদাহরণ।

এর আগে, তদন্ত নিয়ে জাতিসংঘে কয়েকটি ইসলামিক দেশ প্রস্তাব পেশ করার পর এর পক্ষে ২৪টি আর বিপক্ষে নয়টি ভোট পড়েছে। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য গৃহীত উদ্যোগ হুমকির মুখে পড়বে। দেড় সপ্তাহের তীব্র সংঘর্ষে গাজায় অন্তত ২৪২ জন এবং ইসরায়েলে ১৩ জন নিহত হয়েছে।

মিশরের মধ্যস্থতায় এক সমঝোতার পর এই যুদ্ধ বন্ধ হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহের উত্তেজনার পর এই সংঘর্ষ শুরু হয়। মুসলিম ও ইহুদিদের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদে সংঘর্ষ শুরু হলে হামাস সেখান থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায়। পরে তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করতে শুরু করে। এর জবাবে গাজায় বিমান থেকে হামলা চালাতে শুরু করে ইসরায়েল।

ইত্তেফাক/এসএ