‘ফ্লাইট এক্সপার্ট’-এর মালিকানা নিয়ে এবার ট্রাভেল খাতে ইভ্যালি

আপডেট : ২৯ মে ২০২১, ১৫:৫৫

এবার ট্রাভেল খাতে পা রাখলো ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি। বাংলাদেশী ট্র্যাভেল এজেন্সি ‘ফ্লাইট এক্সপার্ট’-কে অধিগ্রহণের মাধ্যমে তারা ট্রাভেল খাতে পা রাখলো।

ফ্লাইট এক্সপার্ট এরই মধ্যে কার্যক্রম পরিচালনা করছে পুরো পৃথিবী জুড়ে। দেশে ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাঁচ শতাধিক এয়ারলাইন্স এবং সাড়ে ৯ লাখ হোটেল-রিজোর্ট যুক্ত আছে তাদের সঙ্গে। 

ইভ্যালি পুরোপুরি অধিগ্রহণ করেও ফ্লাইট এক্সপার্ট-কে স্বতন্ত্রভাবে পরিচালনা করা হবে বলে জানা গেছে। ফ্লাইট এক্সপার্ট-এর আগের পরিচালনা পরিষদের সবাই বর্তমান পরিষদে আছেন, সেই সঙ্গে নতুন করে জনবল নিয়োগের মাধ্যমে এর ব্যাপ্তিও আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

২০১৮ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইভ্যালি। প্রতিষ্ঠার প্রায় দুই বছরের মধ্যে ৫০ লক্ষাধিক গ্রাহক এবং ২০ হাজারের বেশি বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই প্ল্যাটফর্মে যোগ দেয়।
এছাড়া অনলাইন ব্যবসা খাতে নতুন নতুন বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে ইভ্যালি। ই-ফুডের পর ই-জবস ও ই-হেলথ নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ইত্তেফাক/জেডএইচডি