অভ্যুত্থানের নেতাকে মালির প্রেসিডেন্ট ঘোষণা

আপডেট : ২৯ মে ২০২১, ১৮:৫৪

আফ্রিকার দেশ মালিতে কয়েকদিন আগেই সেনা অভ্যুত্থানের মাধ্যমে আটক হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোক্তার উয়ান। অবশ্য গত বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বুধবার নিজেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন অভ্যুত্থানের নেতা কর্নেল আসিমি গোইতা। এবার মালির সাংবিধানিক আদালত তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিলো। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২০ সালের আগস্টে মালিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কিয়েতা। সে সময়ও অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল গোইতা। স্থানীয় সময় শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত এক ঘোষণায় বলেছেন, প্রেসিডেন্টের পদ ফাঁকা রয়েছে। এ কারণে সংবিধান অনুযায়ী কর্নেল গোইতাকে অন্তবর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হলো।

গত সপ্তাহের সোমবার মালির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভার রদবদল হয়। ওইদিনই দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয়বার দেশটিতে এমন ঘটনা ঘটল।

সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট বাহ এনদাও এবং প্রধানমন্ত্রী মোকতার উয়ানে ১৮ মাস মেয়াদী অন্তর্বর্তী সরকারের পরিচালনা করছিলেন। একইসঙ্গে দেশে আবারও বেসামরিক শাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছিলেন।

সোমবার ওই অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদল করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এতে মন্ত্রিসভায় থেকে অন্তত দুজন সেনা কর্মকর্তা বাদ পড়েন। এরপরই তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং অন্তর্বর্তী সরকার নিয়েও ষড়যন্ত্র করছিলেন বলে অভিযোগ তুলে তাদের ক্ষমতা থেকে সরানো হয়।

ইত্তেফাক/টিএ