মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক জান্তা সরকার কর্তৃক অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এক লাখ ২০ হাজারের অধিক মানুষ গৃহহীন হয়ে পরেছেন। গতকাল শুক্রবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ (২৯ মে) খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
সেখানে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী ও জাতিগত সশস্ত্র দলগুলোর মধ্যকার ক্রমবর্ধমান সহিংসতায় বর্তমানে দেশটিতে এক লাখ ২০ হাজারের অধিক মানুষ গৃহহীন হয়ে পরেছেন। বিশেষ করে ফেব্রুয়ারির পর থেকে কাচিন, কায়িন, উত্তরের শান, চিন এবং কায়াহ রাজ্যগুলোতে গৃহহীন মানুষের মোট সংখ্যা এক লাখ ২০ হাজার ৯০০ জন।
জাতিসংঘের ইউএনএইচসিআর তাদের প্রতিবেদনে জানিয়েছে, কেবল মিয়ানমারের দক্ষিণাঞ্চলেই গৃহহীন হয়েছেন ৮৫ হাজার ৯০০ জন। উত্তরের শান রাজ্যে এ সংখ্যাটা ১৫ হাজার এবং কাচিন ও চিন রাজ্যে ২০ হাজার।
এদিকে, স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপ ও রাজনৈতিক বন্দিদের জন্য সহায়তা সমিতি (এএপিপি) জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি সামরিক জান্তা সরকার ক্ষমতা দখল করার পর থেকে এখনো ৭৫ জন মানুষ নিখোঁজ রয়েছেন। এই সময়ের মধ্যে নিরাপত্তা বাহিনীর নির্যাতনে নিহত হয়েছেন ৮৩৩ জন এবং বর্তমানে বন্দি আছে ৪ হাজার ৩৫০ জন।
ইত্তেফাক/টিএ
