আলজাজিরা
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে গত সপ্তাহে সংঘটিত সামরিক অভ্যুত্থানে নেতৃত্বদানকারী কর্নেল আসিমি গোইতাকে দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে সাংবিধানিক আদালত। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘোষণা দেয় আদালত।
আদালতের ঘোষণায় বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গোইতা নেতৃত্ব দেবেন এবং এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট অর্থাত্ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।’ এ নিয়ে এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভ্যুত্থান ঘটালেন তরুণ এ কর্নেল। তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদয়ের পদত্যাগের কারণে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদালতের ঘোষণায় বলা হয়।
৩৮ বছর বয়সি গোইতা এর আগে সাবেক প্রেসিডেন্টের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত সোমবার তার নির্দেশেই এনদয়েকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অবস্থায়ই বুধবার পদত্যাগ করেন এনদয়ে এবং পরে বিষয়টি খোলাসা করা হয়।
গত বছরের আগস্টে গোইতার নেতৃত্বাধীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মালির নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইতা। তার বিরুদ্ধে দুর্নীতি এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে ব্যর্থতার অভিযোগ ছিল। সফল ওই অভ্যুত্থানের পর গোইতা ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছিলেন এবং তার সহযোগীদেরও রাষ্ট্রের গুরত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল।
