১২ থেকে ১৫ বছর বয়সিদের জন্য ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ইইউ

আপডেট : ২৯ মে ২০২১, ২০:০৮

এএফপি ও আলজাজিরা

ইউরোপিয়ান ইউনিয়নের (ইউ) স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার ১২ থেকে ১৫ বছরের শিশুদের ফাইজার/বায়োএনটেক করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান অনুমোদন করেছে। এর ফলে প্রথম বার ইইউভুক্ত দেশগুলোতে শিশুদের জন্য ভ্যাকসিন প্রদানের সম্মতি পাওয়া গেল।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) ভ্যাকসিন প্রদান বিভাগের প্রধান মার্কো ক্যাভালেরি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইএমই’র কমিটি ফর হিউম্যান মেডিসিন আজ ১২ থেকে ১৫ বছর বয়সের কিশোর-কিশোরীদের ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিন প্রদান অনুমোদন দিয়েছে।’ এখন পর্যন্ত মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান গবেষণা সংস্থা বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিনটি ১৬ বছর বা তার চেয়ে কম বয়সিদের জন্য ইইউ অনুমোদিত একমাত্র টিকা।

আমস্টারডামভিত্তিক ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে এই ভ্যাকসিনের কার্যকারিতা ‘বেশ ভালো’ এবং তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই সিদ্ধান্তে ইউরোপের টিকাদান কার্যক্রম আরো জোরদার হবে জানিয়ে জার্মানি বলেছে, আগামী মাস থেকে তারা ১২ বছরের বেশি বয়সি শিশুদের টিকাদান শুরু করবে। যুক্তরাষ্ট্র এবং কানাডা ইতিমধ্যেই এই বয়সের কিশোর-কিশোরীদের ফাইজারের টিকা প্রদান অনুমোদন দিয়েছে।