‘আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে’

আপডেট : ২৯ মে ২০২১, ২০:৩৫

 বিনোদন ডেস্ক

 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ও বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানের হাতে রয়েছে বিগ বাজেটের বেশ কয়েকটি সিনেমা। সেই তালিকায় রয়েছে ‘সালার’ সিনেমাটি। এতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। সিনেমাটি কান্দা ও তেলেগু ভাষার পাশাপাশি হিন্দি, তামিল ও মালায়লাম ভাষা ডাবিং করা হবে। বর্তমানে সিনেমাটি নিয়ে জোর প্রস্তুতি চলছে বলে গণমাধ্যমে জানিয়েছেন শ্রুতি। প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটি করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও ফ্লোরে গড়াবে বলে জানা গেছে। তবে এরই ফাঁকে করোনা সচেতনতায় অন্যান্য বলিউড তারকাদের মতো সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন শ্রুতি। তবে আলিয়ার মতো একটু ভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন তিনি। শ্রুতির মতে, এই দুঃসময়ে সবার আগে দরকার মানসিকভাবে শক্ত থাকা। মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে আরো সমস্যা জেঁকে বসবে। এই সমস্যা সমাধানে প্রয়োজন হলে থেরাপিস্টের কাছে যাওয়া পরামর্শ দেন তিনি।

এ প্রসঙ্গে শ্রুতি বলেন, ‘এই থেরাপি আমাকে কতটা সাহায্য করেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে প্রশিক্ষণ প্রাপ্ত থেরাপিস্ট কম রয়েছে। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই। এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে এটা নিয়ে ভালো ভালো টিউটোরিয়াল রয়েছে। যা করোনা থেকে মুক্ত হওয়া বা করোনায় স্বজন হারানো ব্যক্তির মানসিক শক্তি বৃদ্ধিতে কাজে আসতে পারে।’