শেবাচিম হাসপাতালের আইসোলেশনে ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৩২

বরিশাল অফিস

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

এদিকে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১০ জন ভর্তি হয়েছেন ও দুই জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করোনা ও আইসোলেশন দুটি ওয়ার্ডে রোগী রয়েছেন ৬১ জন, যার মধ্যে করোনা ওয়ার্ডে ১৩ জন রোগী চিকিত্সাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৪ হাজার ২৭৯ জন ভর্তি হয়েছেন, যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ২৮৩ জন। মোট রোগীর মধ্যে ৩ হাজার ৫৬০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র ও রেফার্ড হয়েছেন। চিকিত্সাধীন মোট রোগীর মধ্যে ১৯২ জন করোনা ওয়ার্ডে ও ৪৬৬ জন আইসোলেশন ওয়ার্ডে মারা যান। এছাড়া মৃত ১৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৬৫৮ জনের মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ শতাংশের করোনা পজিটিভ। অর্থাত্ ১৫৭ জন নেগেটিভ ও ২৫ জন পজিটিভ। এদিকে বরিশাল বিভাগে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে এক জনের। এ ২৪ ঘণ্টায় গোটা বিভাগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ জন।

বরিশাল বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪৬৭, যার মধ্যে মৃত্যু হয়েছে ২৮৬ জন। সব থেকে বেশি ১২১ জনের মৃত্যু হয়েছে বরিশাল জেলায়। এছাড়া মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৪৫ এবং হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২৭ জন।