মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজছাত্রীকে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার ঐ ছাত্রীর মা রুবিয়া খাতুন মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
রুবিয়া খাতুন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, গত ১০ মে সন্ধ্যায় বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে আবু কালাম তার স্ত্রী রুবিনা খাতুনসহ চার-পাঁচ জন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে মারধর করে তাদেরকে আহত করে।
এ সময় তার কলেজ পড়ুয়া মেয়ে বাধা দিতে গেলে আবু কালাম তার মেয়ের পড়নের কামিজ টেনে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার কন্যার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা তাদের ওপর অত্যাচার চালিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন। এবং প্রতিপক্ষরা বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। রুবিয়া খাতুন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দোষীদের যথাযথ বিচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন।
