ঈশ্বরদীতে ঝরে পড়ছে বোম্বাই লিচু!

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৪৭

বোঁটায় পচন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

বোম্বাই লিচুর রাজধানী বলে খ্যাত ঈশ্বরদীতে বোঁটায় পচন ও পোকা হয়ে গাছ থেকে ঝরে পড়ছে লিচু। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রচণ্ড খড়ার পর এবার বৃষ্টিতে বোঁটায় পচনের সঙ্গে সঙ্গে পোকা জন্মাতে শুরু করেছে। এ অবস্থায় অস্বাভাবিক হারে গাছ থেকে লিচু ঝরে পড়তে শুরু করেছে। তবে ঝরে পড়া লিচু কেনার ক্রেতাও নেই বাজারে।

শুক্রবার সকালে ঈশ্বরদীর জয়নগরে শিমুরতলা লিচু হাটে ঝরে পড়া লিচু নিয়ে চাষিদের বসে থাকতে দেখা গেছে। লিচুচাষি ও কৃষি অফিসে কথা বলে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবারে ঈশ্বরদীতে লিচুর ফলন বিপর্যয় ঘটেছে। বোম্বাই জাতের লিচুর মাত্র ৩০-৪০ ভাগ গাছে মুকুল আসে। এরই মধ্যে শুরু হয় প্রচণ্ড দাবদাহ। ঘূর্ণিঝড়ের প্রভাবের আগে এখানকার তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। উপজেলার মুন্নার মোড় এলাকার লিচুচাষি শাহমত মণ্ডল জানান, তীব্র খড়ায় লিচুর দানা এবার পুষ্ট ও বড় হওয়ার আগেই রং ধরতে শুরু করে। বোম্বাই লিচুর চেয়ে এবারে দেশি মোজাফ্ফর লিচুর দানা বড় এবং খেতেও মিষ্টি হয়েছে। কিন্তু অতি স্বাদের বোম্বাই লিচুর দানাও এবারে ছোট এবং তেমন মিষ্টতা নেই, বরঞ্চ টক। আর খড়ার কারণে লিচুর বোঁটা নরম হয়ে এমনি এমনি ঝরে পড়ছে। বেশির ভাগ বোম্বাই লিচুতেই এখন পোকা বলে জানান তিনি।

লিচুচাষি আমির হামজা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লিচুর ডাল ভেঙে পড়ার যে আশঙ্কা চাষিরা করেছিল তা হয়নি। তবে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে লিচুর গোড়ায় পোকা জন্মেছে। ফলে অস্বাভাবিক হারে গাছ থেকে ঝরে পড়ছে লিচু। বোম্বাই লিচুর ফলন বিপর্যয়ের পর বেশি দামে লিচু বিক্রির আশা করেছিল চাষিরা। কিন্তু লিচু ঝরে পড়ায় এখন সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। বাজার বা বাগানে ঝরে পড়া লিচু কেনার ক্রেতা পাওয়া যায় না বলে তিনি জানিয়েছেন। ডালিতে করে ঝরে পড়া লিচু বিক্রি করতে আসা চাষি রকিবুল জানান, যারা বেশি দামে ভালো লিচু কিনে খেতে পারেন না, তারাই কম দামে এই লিচুর ক্রেতা। ফরিয়ারা ঝরে পড়া লিচু নামমাত্র দামে কিনে ভ্যানে করে পাড়া ও মহল্লায় ফেরি করে কেজি দরে বিক্রি করে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, প্রচণ্ড খড়ার পর হঠাত্ বৃষ্টি হওয়ায় লিচুর বোঁটায় অ্যাপসেশন লেয়ার তৈরি হয়েছে অর্থাত্ খড়ায় শুকিয়ে যাওয়া বোঁটায় পানি জমে পচন ও পোকা ধরেছে। এ অবস্থায় সামান্য বাতাসেই লিচু ঝরে পড়ছে। যেহেতু লিচু প্রায় শেষ এ মুহূর্তে এর কোনো সমাধান নেই।