কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম সিটি কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। মৃত কলেজছাত্রের নাম তন্ময় দাশ (১৯)। তার বাবা সুবল দাশ। তারা চট্টগ্রামের টাইগার পাস এলাকায় বসবাস করেন। জানা গেছে, শুক্রবার চট্টগ্রাম থেকে ১০ জন বন্ধু কাপ্তাই বেড়াতে আসে। বিভিন্ন স্থান ঘুরে বিকালে চন্দ্রঘোনা কয়লার ডিপু নামক স্থান থেকে একটি ইঞ্জিন বোটে চড়ে সবাই নৌবিহারে বের হয়। নৌকায় ঘুরতে ঘুরতে সবাই চিত্মরম ইউনিয়নের সীতারঘাট নামক স্থানে (সীতা মন্দিরসংলগ্ন) এসে নদীতে গোসল করতে নামে। এক পর্যায় তন্ময় দাশ পানিতে তলিয়ে যায়। পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির ডুবুরি দলকে খবর দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর রাত ৮টার সময় ডুবুরি দল নদী থেকে তন্ময় দাশকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, উদ্ধার অভিযানে কাপ্তাই দমকল বাহিনী চন্দ্রঘোনা ও কাপ্তাই থানাপুলিশও সহযোগিতা করে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।
