ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। শুক্র ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
হবিগঞ্জ : জেলার বানিয়াচঙ্গ উপজেলায় শনিবার বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাকিল আহমেদ রামিম (২৫) ও জমির উদ্দিন (৩৫)। পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি কামরুজ্জামান বলেন, কামাইছড়ার ফাঁড়ির পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে।
রংপুর: রংপুর নগরীর দর্শনা মোড় এলাকায় পিকআপের ধাক্কায় মন্জুরুল ইসলাম (৪৫) নামের এক মরিচ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে রংপুর-ফুলবাড়ী সড়কের দীপ আই কেয়ার চক্ষু হাসপাতালের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্জুরুল ইসলাম জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের বাতাসন মির্জাপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
নিয়ামতপুর (নওগাঁ): নিয়ামতপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নুরুল ইসলাম (৪৫) মারা গেছেন। এ সময় আরোহী প্রসান্ত রবিদাস গুরুতর আহত হয়। শুক্রবার রাত ৯টায় ডাংগাপাড়া শেষের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
