শৈলকুপায় শ্বাসরোধে স্ত্রী হত্যার অভিযোগ

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৩

স্বামী পলাতক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সাথী বেগম (১৯) নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী সুজন বিশ্বাস পলাতক। শুক্রবার রাতে উপজেলার দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাথী ঐ গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। মৃত সাথীর মা অমেলা বেগম অভিযোগ করেন, মাগুরা শহরের পাশে ঢালপাড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের সঙ্গে ছয় মাস আগে তার মেয়ের বিয়ে হয়। গত মঙ্গলবার জামাই শ্বশুর বাড়ি দলিলপুরে আসে। শুক্রবার জামাই মেয়েকে বাড়িতে রেখে কুষ্টিয়ার আমলাবাড়ে গ্রামে ধান আনতে যান। শনিবার সকালে প্রতিবেশিরা খবর দেয় সাথী ঘরের ভেতর মরা অবস্থায় পড়ে আছে। জামাই পালিয়ে গেছে। তার অভিযোগ মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।