আরো সাড়ে ১০ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৫

ইত্তেফাক রিপোর্ট  

ঈদুল ফিতর পরবর্তী প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহও উত্থান হয়েছে শেয়ারবাজারে। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে লেনদেন এক দিন কম হওয়ায় টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে। আর গড় লেনদেন আগের সপ্তাহ থেকে বেড়েছে। আর সপ্তাহটিতে শেয়ারবাজারে আরো সাড়ে ১০ হাজার কোটি টাকা বাজার মূলধন ফিরেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ২৯২ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২ হাজার ৭৪৩ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১০ হাজার ৪৫১ কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে। বিদায়ি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ১১৫ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪২৪ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৬৪০ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৭৪০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার ৫২৫ টাকা বা ৯ শতাংশ কমেছে।

সামগ্রিকভাবে টাকার পরিমাণে লেনদেন কমলেও ডিএসইতে গড় লেনদেন বেড়েছে। বিদায়ি ডিএসইতে গড়ে প্রতি কার্যদিবস লেনদেন হয়েছে ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ২৭৯ টাকার। আর আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৬৮৪ কোটি ৮৯ লাখ ২৪ হাজার ৭২৮ টাকা করে। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৩৬ কোটি ৫ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭২ দশমিক ৭৫ পয়েন্ট বা ২ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৫ দশমিক ৮২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১২ দশমিক ২০ পয়েন্ট বা ০ দশমিক ৯৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১ দশমিক ২৬ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ২৮৫ দশমিক ০১ পয়েন্ট এবং ২ হাজার ১৮৯ দশমিক ৭৪ পয়েন্টে। বিদায়ি সপ্তাহে ডিএসইতে মোট ৩৭০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৭টির বা ৬৪ দশমিক ০৫ শতাংশের, কমেছে ৯২টির বা ২৪ দশমিক ৮৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির বা ১১ দশমিক ০৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ি সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ১১ হাজার ৯৪৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৭৩ কোটি ৮৬ লাখ ১৪ হাজার ৪৬৮ টাকার। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৯ কোটি ৮৬ লাখ ২ হাজার ৫২৪ টাকা বা ৬ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০৯ দশমিক ৭৬ পয়েন্ট বা ৩ দশমিক ০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৪৭ দশমিক ৪০ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩০৫ দশমিক ৪৬ পয়েন্ট বা ৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ২ হাজার ২৫৫ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৬ দশমিক ৪৫ পয়েন্ট বা ২ দশমিক ০৯ শতাংশ এবং সিএসআই ১৬ দশমিক ০৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৪৫৪ দশমিক ৫৩ পয়েন্ট, ১৩ হাজার ৫ দশমিক ০২ পয়েন্টে, ১ হাজার ২৯৩ দশমিক ৮২ পয়েন্টে এবং সিএসআই ১ হাজর ৪৮ দশমিক ৮০ পয়েন্টে।