রাজউক চেয়ারম্যানের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ ভবনে যাতায়াতব্যবস্থা আরো সহজ করতে সড়ক ও ব্রিজসহ অবকাঠামোসহ উন্নয়নের দাবি জানিছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল শনিবার উত্তরায় বিজিএমইএ ভবনে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরীর সঙ্গে বৈঠককালে এ দাবি জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, উত্তরায় অবস্থিত বিজিএমইএ কার্যালয় থেকে ইউডি (রপ্তানি আদেশের বিপরীতে কাঁচামাল আমদানির প্রাপ্যতার অনুমোদন) জারি ছাড়াও এ খাতের জরুরি কার্যক্রম সম্পন্ন করতে হয়। প্রতিদিন হাজার হাজার মানুষকে এ অফিসে আসতে হয়। এ যাতায়াতব্যবস্থাকে সহজ করতে এ এলাকার সড়কব্যবস্থার উন্নয়ন বিশেষত উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে বিজিএমইএ অফিস পর্যন্ত সংযোগ সড়ক মেরামত ও পুনর্নির্মাণ এবং সরকার বাড়িতে একটি কালভার্ট নির্মাণের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান এক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, রাজউক টিম সরেজমিনে বিজিএমইএ কমপ্লেক্স-সংলগ্ন সংযোগসড়ক পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বুঝতে পেরেছে। বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম ইত্তেফাককে বলেন, বিজিএমইএ অফিসে প্রতিনিয়ত বিদেশি ক্রেতা ও তাদের প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি আসতে হয়; কিন্তু এ অফিসে যাতায়াতব্যবস্থা খুব ভালো না হওয়ায় তারা আসতে পারেন না। জরুরিভিত্তিতে এ অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। বৈঠকে বিজিএমইএর সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও রাজউকের প্রধান প্রকৌশলীসহ ১৫ জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।