শাস্তি পেলেন তামিম

আপডেট : ২৯ মে ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

ড্রেসিংরুমে ফেরার সময়ই স্পষ্ট ছিল তামিম ইকবাল বিরক্ত ছিলেন নিজের আউটের সিদ্ধান্তে। বিতর্কিত সিদ্ধান্তে নাখোশ হয়ে আম্পায়ারদের উপর মেজাজ হারিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। যে কারণে তামিমকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। রান তাড়া করতে নামা বাংলাদেশ ৯ রানে ২ উইকেট হারায়।

চামিরার করা ১০ম ওভারে তামিমের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন তামিম। কিন্তু মাঠের সিদ্ধান্ত বদলে দেয়ার মতো প্রমাণ পাননি টিভি আম্পায়ার। ১৭ রানে বিদায় নিতে হয় তামিমকে। তখন আম্পায়ারের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেছেন বাংলাদেশের অধিনায়ক। আম্পায়াররা অভিযোগ দেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে। তামিম ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। গতকাল ম্যাচ শেষেও সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, তিনি শতভাগ নিশ্চিত যে বল ব্যাটে লাগেনি।