আজ ফিরে যাচ্ছে শ্রীলঙ্কা
স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শেষ হতেই ছুটিতে গেলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। গতকালই ঢাকা ছেড়েছেন এ প্রোটিয়া কোচ। নিউজিল্যান্ড সফরের পর কয়েক দিন ছুটিতে ছিলেন তিনি। পরে শ্রীলঙ্কা সফর এবং হোম সিরিজে টানা কাজ করেছেন ডমিঙ্গো। জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন হেড কোচ। অন্যান্য বিদেশি কোচরাও ছুটিতে গিয়েছেন।
এদিকে আজ শ্রীলঙ্কা দল ফিরে যাচ্ছে। আজ সাড়ে ১১টার ফ্লাইটে কলম্বোর ফ্লাইটে চড়বে লঙ্কানরা। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
টানা দুই ম্যাচ হেরে সিরিজটা জিততে পারেনি শ্রীলঙ্কা। তবে অপেক্ষাকৃত তরুণ দল নিয়েও শেষ ম্যাচে বাংলাদেশকে ৯৭ রানে হারিয়েছে সফরকারীরা। তাই জয়ের স্বস্তি নিয়েই দেশে ফিরছে কুশল পেরেরার দল। সফরের শুরুতে করোনা পজিটিভ হওয়া লঙ্কান ক্রিকেটার শিরান ফার্নান্দোও নেগেটিভ রিপোর্ট পেয়েছেন।
