কয়রাবাসীর দুঃখ কবে মিটবে?

আপডেট : ২৯ মে ২০২১, ২২:০৯

খুলনা জেলার কয়রাবাসী জলমগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ইয়াসের প্রভাবে জনজীবনে আবারো নিয়ে এসেছে অবর্ণণীয় দুর্ভোগ। বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। রাস্তাঘাট, বাজার,  মসজিদ, মন্দিরসহ বসতবাড়ি পানিতে থইথই করছে। প্রতিদিন দুইবেলা জোয়ারের পানি প্রবেশ করায় করোনাকালীন এই কঠিন সময়ে সমস্যা আরো তীব্রতর হচ্ছে। রান্না করার জন্য শুকনো জায়গাটুকুও মিলছে না। খাবার পানি থেকে শুরু করে  প্রয়োজনীয় জিনিসের অপ্রতুলতায় কয়রাবাসী অসহনীয় এক অবস্থার সম্মুখীন। বৃদ্ধ এবং শিশুরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায়, প্রয়োজন জরুরি ত্রাণ সহায়তা এবং স্থায়ী বাঁধ নির্মাণ। টেকসই বাঁধ নির্মাণ করা গেলে প্রতি বছর উপকূলের জনজীবন এতটা ক্ষতির মুখে পড়বে না। তাই প্রশাসনের কাছে কয়রাবাসীর জন্য জরুরি ত্রাণ সহায়তা এবং স্থায়ী বাঁধ নির্মাণে পদক্ষেপ নিতে বিনীত আবেদন জানাই।

মো. আফসারুল আলম মামুন

শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়