দেশকে তাবেদার রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে:মির্জা ফখরুল

আপডেট : ৩০ মে ২০২১, ০০:৪১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৮১ সালের ৩০ মে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, তারা ছিল বাংলাদেশের স্বাধীনতার শত্রু, মানুষের শত্রু। গতকাল শনিবার রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে এই সভা হয়। সারা দেশের ৮১টি সাংগঠনিক জেলার নেতারা ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়াসহ প্রবাসী শাখার নেতারাও আলোচনায় যুক্ত হন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের লোকেরা মনে করেছিল যে, বিএনপি শেষ। জিয়াউর রহমানের পর থেকে এই বিএনপি থাকবে না। বিএনপির রাজনীতি তো হচ্ছে এই দেশের মানুষের বুকের ভেতরের রাজনীতি, মাটির রাজনীতি। এটা বিএনপি ধারণ করে। 

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার কেন আটকে রেখেছে তার কারণ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আজকে অসুস্থ হওয়ার পরেও তাকে বিদেশে চিকিত্সা করাতে যেতে না দেওয়ার কারণ, যেন কোনো মতেই সুস্থ হয়ে আবার জনগণের সামনে আসতে না পারেন। 

মির্জা ফখরুলের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য দেন।