করোনায় আক্রান্তের হারে ভারতকে ছাড়ালো মালয়েশিয়া 

আপডেট : ৩০ মে ২০২১, ০২:১৭

মালয়েশিয়ায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়েই চলছে। তবে, আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার এক পরিসংখ্যানে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের হারের দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে মালয়েশিয়া।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় প্রতি ১০ লাখে সংক্রমণের হার ২০৫ দশমিক ১। অন্যদিকে ভারতে এই সংখ্যা ১৫০ দশমিক ১। অর্থাৎ, ভারতের তুলনায় মালয়েশিয়ায় করোনার সংক্রমণের হার বেশি। 

এদিকে শনিবার ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৭৯০ জন। গত ৪৫ দিনের মধ্যে এটাই সেখানে সবচেয়ে কম দৈনিক শনাক্ত। এই বৃদ্ধির জেরে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন। আক্রান্তের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। একইসময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৬১৭ জনের। এ নিয়ে ভারতে মোট প্রাণ হারালেন তিন লাখ ২২ হাজার ৫১২ জন। ভারতে সংক্রমণ কম এবং সুস্থ বেশি হওয়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা গত দু’সপ্তাহ ধরে কমছে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে এক লাখ ১৪ হাজারেরও বেশি। এখন সেখানে সক্রিয় রোগী রয়েছেন ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন। পাশাপাশি সংক্রমণের হারও গত কয়েকদিনে কমেছে। গত ২৪ ঘণ্টায় তা নেমেছে ৯ শতাংশের নীচে।

অন্যদিকে গত বুধবার মালয়েশিয়ায় একদিনে ৭ হাজার ৪৪৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। যা বিগত কয়েকদিনে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৩৩ হাজার ৩০০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৩০০ জনের।
ইত্তেফাক/এমএএম