করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়তে থাকায় বাগেরহাটের মোংলায় আটদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার ভোর থেকে এ লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘গত দুই দিনে উদ্বেগজনক হারে করোনাভাইরাসের শনাক্ত হওয়ায় উপজেলাজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।’
তবে মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষ যাতে এই লকডাউন মেনে চলে সেজন্য প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অতিপ্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার জানান, রবিবার ভোর থেকে এ লকডাউন শুরু হয়েছে। তবে লকডাউনের মধ্যে কাঁচা ও মাছ বাজার ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা রাখতে বলা হয়েছে।
জরুরি সেবা ওষুধের দোকান ও রোগী পরিবহণের অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানান তিনি।
গত দুই দিনে মোংলায় ৬২ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/এএএম
