এবার অনলাইন নাট্যোত্সব

আপডেট : ৩০ মে ২০২১, ২১:১৮

ভারতের নাট্যোত্সবে বাংলাদেশের নাটক ‘জাদুর প্রদীপ’ প্রদর্শিত

ইত্তেফাক রিপোর্ট

ভারতের নাট্য সংগঠন ‘নৈহাটি রঙ্গসেনা’ আয়োজিত ‘২য় ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল (অনলাইন)’-এ বাংলাদেশের নাট্য সংগঠন স্বপ্নদলের মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর  প্রদীপ’ প্রদর্শিত হয়েছে। গতকাল রবিবার সপ্তাহব্যাপী অনলাইন পর্বের উদ্বোধনী দিনে ‘নৈহাটি রঙ্গসেনা’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রদর্শিত হয় ‘জাদুর প্রদীপ’ নাটকটি। ‘আরব্য রজনী’-র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ‘জাদুর প্রদীপ’ সম্প্রচারের আগে জাহিদ রিপনের সঙ্গে লাইভ আলাপচারিতা অনুষ্ঠান ‘মিট দ্য ডিরেক্টর’ প্রচারিত হয়। এই ‘২য় ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল (অনলাইন)’ পর্বটিতে বাংলাদেশের ‘জাদুর প্রদীপ’-এর পাশাপাশি ইটালি, কেনিয়া, পাকিস্তান, প্যারাগুয়ে, স্পেন ও ভারতের একটি করে নাটক প্রদর্শিত হবে।

প্রসঙ্গত, নাট্য উপস্থাপনার নানাবিধ রীতির একটি বিশেষ আকর্ষণীয় ধারা মাইমোড্রামা বা মূকনাট্য মূলত মূকাভিনয়-আঙ্গিক প্রয়োগের মাধ্যমে নির্মিত একক কাহিনিভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্য প্রযোজনা। ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’-এর প্রদীপ-আলাদিন-রাজকন্যা-জাদুকর-দৈত্যনির্ভর ধ্রুপদী কাহিনিটি সারা বিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। প্রেম এবং প্রতাপের দ্বন্দ্বে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল কথা। পাশাপাশি, গবেষণাগার নাট্যরীতিতে নির্মিত ‘জাদুর প্রদীপ’ প্রযোজনার মাধ্যমে ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা  মূকাভিনয়রীতি’ অনুসরণ করা হয়েছে।