এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের সংলাপে বক্তারা
ইত্তেফাক রিপোর্ট
অর্পিত সম্পত্তি আইনের সংশোধনী হওয়া সত্ত্বেও প্রশাসনের সদিচ্ছার অভাবের কারণে মাঠ পর্যায়ে আইনের বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। প্রান্তিক নারী, ধর্মীয়, জাতিগত এবং ভাষাগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমি অধিকার তথা মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে চিন্তায় এবং আচরণে পরিবর্তন আনার প্রতি গুরুত্ব দেন বক্তারা।
গতকাল রবিবার ‘নারী এবং সংখ্যালঘুদের ভূমি অধিকার ও নিরাপত্তা’ বিষয়ক একটি ভার্চুয়াল সংলাপে বক্তারা এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ এ সংলাপটির আয়োজন করে। এতে সহ-আয়োজক হিসেবে ছিল বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। সম্মানিত আলোচক হিসেবে অংশ নেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতি. সচিব) মো. তসলীমুল ইসলাম, এনডিসি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, বিশিষ্ট মানবাধিকার কর্মী চাকমা রানী ইয়েন ইয়েন এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম। মূল প্রতিবেদন উপস্থাপন করেন এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা। সভাপতিত্ব করেন নিজেরা করি-এর সমন্বয়ক খুশী কবির। সংলাপটি সঞ্চালনা করেন নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
