সাদুল্লাপুর উপজেলা শহরে ১৪৪ ধারা

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সময়ে পাশাপাশি স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ উপজেলা কমিটির সভা আহ্বান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নবীনেওয়াজ শনিবার রাতে এই আদেশ জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব রবিবার সকাল ১০টায় সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে উপজেলা কমিটির সভা আহ্বান করেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার একই সময়ে দলীয় কার্যালয়ে দলের জরুরি সভা আহ্বান করেন। উভয় স্থানে সভা চলাকলীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ শান্তিশৃঙ্খলা ভঙ্গের ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উভয় স্থানে ও তার পার্শ্ববর্তী এলাকায় (৩০০ গজের মধ্যে) সব প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণাপূর্বক ১৪৪ ধারা জারি করা হলো। সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।