সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২৬

মনোহরগঞ্জে ইয়াবাসহ আটক ১

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে ২৯০ পিস ইয়াবাসহ সঞ্জয় চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ঝলম (উত্তর) ইউপির লালচাঁদপুর আশ্রয়কেন্দ্র থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার কালিয়াচৌ গ্রামে। মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুল কবির জানান, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে আরো একটি মামলা হওয়ার কথা জানান তিনি।

কৃষক ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, বগুড়া বগুড়ায় রবিবার সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আসন্ন জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দ ও প্রতি ইউনিয়নে কমপক্ষে একটি করে সরকারি ক্রয়কেন্দ্র খুলে প্রতিমণ ধানের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে কৃষকের কাছ থেকে কেনাসহ বিভিন্ন দাবি জানানো হয়। বগুড়া শহরের সাতমাথায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বাসদ বগুড়া জেলা আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু।

সাঁতার ও ভলিবল প্রশিক্ষণ শুরু   

মৌলভীবাজার প্রতিনিধি বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজারে রবিবার মাসব্যাপী সাঁতার ও ভলিবল প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন হয়। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন আজমনি বহু পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সামাদ মিয়া।

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শেরে বাংলা সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলার আটটি ইউনিয়নের দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

 ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রবিবার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস।

টেংরী বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদী পূর্ব টেংরী বালিকা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক  জোমসেদ আলী।

চরবানিয়ারী ইউনিয়নের বাজেট ঘোষণা

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট রবিবার ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেমিনার হলে ইউপি চেয়ারম্যান অর্চণা দেবী বড়াল ঝর্ণার সভাপতিত্বে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এ সময় ইউপি সচিব বিপ্লব কুমার দাস এক কোটি ১৭ লাখ ৩ হাজার ৭০৩ টাকার বাজেট উপস্থাপন করেন।

দুটি আরসিসি রাস্তার কাজ উদ্বোধন

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাগমারা সাহাপাড়া থেকে কবরস্থান পর্যন্ত এবং শ্রীমদ্দি থেকে চরেরগাঁও পর্যন্ত আরসিসি রাস্তার কাজ রবিবার উদ্বোধন করা হয়েছে। রাস্তা দুটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।