ব্যাংক লেনদেন চলবে ৩টা পর্যন্ত

আপডেট : ৩০ মে ২০২১, ২১:২৯

শেয়ারবাজার লেনদেন স্বাভাবিক

ইত্তেফাক রিপোর্ট  

চলমান বিধিনিষেধের সঙ্গে সীমিত পরিসরে ব্যাংক লেনদেনের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আগামী ৬ জুন পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। তবে ব্যাংকের অন্যান্য আনুষঙ্গিক কাজ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি দেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। এদিকে শেয়ারবাজার ফিরছে স্বাভাবিক লেনদেনের সময়ে। আজ সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন সাড়ে ৪ ঘণ্টা (সকাল ১০টা-দুপুর ২.৩০টা) করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ থেকে ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত চলবে। এ সময় প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন ২.৩০ থেকে ২.৪৫টা পযর্ন্ত চালু থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সোমবার থেকে ৬ জুন পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ১৩ এপ্রিল জারি করা ডিওএস সার্কুলারে (লেটার নম্বর ১৫) প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হচ্ছিল।